ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু আর নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১৯:১০:০৬
​বরিশালের গুণী সাংবাদিক ও   আইনজীবী  মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু আর নেই ​বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু আর নেই

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:

বরিশালের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট আইনজীবী এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু মারা গেছেন। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার এশারের নামাজের পর নগরীর আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে নগরীর মুসলিম গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। তার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ সময় ক্লাবে কালো পতাকা উত্তোলন এবং সদস্যদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান। এছাড়াও বরিশাল-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 জানা গেছে, ইসমাইল হোসেন নেগাবান মন্টু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার একটি বড় ধরনের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হলেও পরবর্তীতে রক্তের শ্বেতকণিকার পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যাচ্ছিল।

চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও আইনপেশায় সক্রিয় ছিলেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু। তিনি বরিশাল প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) প্রতিষ্ঠাকালীন সভাপতিও ছিলেন তিনি।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার-এর বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বরিশাল দেওয়ানি আদালতে সরকারের পক্ষে সাবেক প্রধান আইনজীবী ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষিণাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, সমাজ বাস্তবতা ও নানা সংকট-সম্ভাবনার চিত্র তার লেখনীতে তুলে ধরেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ