নারীদের পাশে মানবিক পুলিশিং: রাণীশংকৈলে ওসি আমানের প্রশংসা
নারীদের পাশে মানবিক পুলিশিং: রাণীশংকৈলে ওসি আমানের প্রশংসা
মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী নারীদের প্রতি মানবিক আচরণ ও সহানুভূতিশীল ভূমিকা রেখে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন। থানায় আগত নারী ভুক্তভোগীদের প্রতি তাঁর দায়িত্বশীল ও আন্তরিক আচরণ ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন ও বিভিন্ন হয়রানির শিকার নারীরা থানায় এসে দ্রুত ও কার্যকর সহায়তা পাচ্ছেন। অভিযোগ শোনার ক্ষেত্রে তিনি ধৈর্য ও গুরুত্বের সঙ্গে বিষয়গুলো বিবেচনা করছেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছেন।
ভুক্তভোগী এক নারী জানান, আগে থানায় যেতে ভয় লাগত। এখন ওসি স্যার খুব মনোযোগ দিয়ে কথা শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেন। এতে আমরা অনেক সাহস পাচ্ছি।
থানায় নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতেও নানা উদ্যোগ গ্রহণ করেছেন ওসি আমানুল্লাহ আল বারী। অভিযোগ গ্রহণে গড়িমসি না করে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
উপজেলার সচেতন মহল বলছে, পুলিশের এ ধরনের মানবিক ও দায়িত্বশীল আচরণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। এতে নারী ও শিশু নির্যাতন কমে আসার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটবে।
এ বিষয়ে ওসি আমানুল্লাহ আল বারী বলেন, পুলিশ জনগণের সেবক। বিশেষ করে নারী ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছি।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে এবং একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স