ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা চলছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১৩:৩৬:১২
বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা চলছে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা চলছে
নিজস্ব প্রতিবেদক
দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথের যোগাযোগ সুদৃঢ় করতে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ কথা জানান।

এদিন মন্ত্রীর সঙ্গে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন (বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি) উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিমানমন্ত্রী বলেন, “দেশের উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনের দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময়। এ অঞ্চলের টেকসই উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি। আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে, বিনিয়োগ ও পর্যটন খাত সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের সামরিক ও কৌশলগত সক্ষমতাও আরও শক্তিশালী হবে। তিনি বলেন, বগুড়া এয়ারফিল্ড ইতোমধ্যে সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে এটি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল চালুর লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ