ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচংয়ে ‘জিবি’ চাঁদাবাজির বিরুদ্ধে ধর্মঘট, এমপির আশ্বাসে অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ২০:২৮:৪৪
বুড়িচংয়ে ‘জিবি’ চাঁদাবাজির বিরুদ্ধে ধর্মঘট, এমপির আশ্বাসে অবরোধ প্রত্যাহার বুড়িচংয়ে ‘জিবি’ চাঁদাবাজির বিরুদ্ধে ধর্মঘট, এমপির আশ্বাসে অবরোধ প্রত্যাহার

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লা জেলার শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধ ‘জিবি’ নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। শুক্রবার (১ মে) সকালে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ চলাকালে চালকরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় এক ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষুব্ধ চালকদের দাবি, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। অথচ ১২০ টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার।
একজন চালক বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে। বহুবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে আমরা সড়কে নেমেছি।”

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাৎক্ষণিকভাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ-কে ফোনে বিষয়টি অবহিত করেন। মন্ত্রী আশ্বাস দেন, “অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চালকদের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বলেন, “সড়কে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং স্বস্তি ফিরে পায় যাত্রীরা।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়কে ‘জিবি’ নামে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করেন। দ্রুত অতিরিক্ত ভাড়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ