ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৮:৪৪:১৮
জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেনের জানাজা নামাজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, আমরা কি দৈনন্দিন জীবনে আল্লাহর সন্তুষ্টির পথে আছি? আমরা কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি? আমরা কি জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যাচ্ছি? সেটাই যদি হয়, তাহলে সেই শিক্ষা যেন আমাদের জীবনে প্রতিফলিত হয় সে চেষ্টা আমরা চালিয়ে যাব।

অন্য বক্তারা বলেন, মরহুম দেলোয়ার হোসেন ছিলেন সর্বজনশ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব। তিনি ফরিদপুরের ইসলামী আন্দোলনের একজন ত্যাগী, পরিশ্রমী ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি তার সারাজীবন ইসলামী আন্দোলনের জন্য কুরবানি করেছেন। তার ধ্যান-জ্ঞান ছিল কীভাবে ইসলামী আন্দোলন এই সমাজে প্রতিষ্ঠিত হবে।

তারা আরও বলেন, আমরা হারালাম এক আলোকিত মানুষকে, এক আদর্শের প্রতীককে এবং এক সংগ্রামী কিংবদন্তিকে। তিনি ছিলেন দ্বীনের একজন নিবেদিতপ্রাণ সৈনিক, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন সত্য ও ন্যায়ের পথে। তার প্রতিটি পদক্ষেপে ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের অদম্য প্রচেষ্টা। মানুষের প্রতি ভালোবাসা, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং সমাজ পরিবর্তনের অঙ্গীকার সব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব।

এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর আব্দুত তাওয়াব, শামসুল ইসলাম আল বরাটী, মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রেজাউল করিম, শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ আব্দুর রব হাশেমী, রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, অধ্যাপক এম এ সামাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খেলাফত মজলিস সভাপতি শাহ হুমায়ন কবির, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মো. আমজাদ হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ এবং শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ প্রমুখ। এছাড়া পরিবারের পক্ষ থেকে দেলোয়ার হোসেনের বড় ছেলে মো. জোবায়ের হোসেন বক্তব্য রাখেন। জানাজায় বৃহত্তর ফরিদপুরের মরহুমের শুভাকাঙ্ক্ষী, সহকর্মীসহ বহু মানুষ উপস্থিত ছিলেন।

দেলোয়ার হোসেন গত ৩০ এপ্রিল দুপুর ১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ