ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে ব্রাজিলিয়ান রিভলবারসহ বিপুল গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ১৮:৩৮:৩৮
ডিএমপির অভিযানে ব্রাজিলিয়ান রিভলবারসহ বিপুল গুলি উদ্ধার ডিএমপির অভিযানে ব্রাজিলিয়ান রিভলবারসহ বিপুল গুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে একটি রিভলবারসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে গ্রেপ্তারকৃত রিমান্ডের আসামি মো. শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনির দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের পল্লবী থানার সেকশন-১২ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্রাজিলিয়ান তৈরি রিভলবার, পাঁচ রাউন্ড রিভলবারের গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

আরো জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বৃন্দা রনি, পিচ্চি বাবু ও বড় লোকমান আলীনগরগামী সড়কে রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরবর্তীতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়ভাবে তিনি ‘শুটার বৃন্দা রনি’ নামে পরিচিত। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া একটি দস্যুতা মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ