ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ১৫:৫৬:২০
রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে বন্য হাতির আক্রমণে মা ও তিন বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- একরাম মিয়ার স্ত্রী ছেমন আরা (২৫) ও তার শিশুকন্যা আসমা বিবি (৩)।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ভোরের দিকে হঠাৎ তিনটি বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ে। মুহূর্তেই শুরু হয় তাণ্ডব ঘরের বেড়া ভাঙচুর, গাছ উপড়ে ফেলা, আর চারদিকে আতঙ্কের চিৎকার। পুরো সৈয়দ কলোনি যেন এক মুহূর্তে ভয়ে স্থবির হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী বেলাল উদ্দিন জানান, শব্দ শুনে একরাম মিয়া ও তার স্ত্রী সন্তানদের নিয়ে ঘর থেকে বের হন। ঠিক সেই মুহূর্তেই দুটি হাতি তাদের দিকে তেড়ে আসে। প্রাণ বাঁচাতে একরাম মিয়া ছয় বছরের ছেলে রেহান উদ্দিনকে নিয়ে পেছনের দিকে সরে যান, ঠিক এই সময় ছেমন আরা ও ছোট মেয়ে আসমা হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন বাবুল বলেন, হাতির পালটি ছিল অত্যন্ত আক্রমণাত্মক। সামনে পড়ায় তাদের পালানোর কোনো সুযোগই ছিল না। আক্রমণের পর হাতিরা ঘরবাড়ি ভাঙচুর করে এবং আশপাশের গাছের ফল খেয়ে পাশের পাহাড়ে চলে যায়।

এদিকে স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে খাবারের সন্ধানে বন্য হাতির পালটি খুনিয়াপালং ও আশপাশের এলাকায় নিয়মিত বিচরণ করছে। এতে পুরো এলাকায় একধরনের স্থায়ী আতঙ্ক তৈরি হয়েছে।

বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন জানান, ঘটনার পর হাতির পালটিকে গভীর বনে ফেরত পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে নজরদারি জোরদার করা হচ্ছে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ