ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়া বোরো ধান কাটা ও মাড়াইয়ে বিপাকে ব্রাহ্মণপাড়ার কৃষক


আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ১৯:১২:৩৫
বৈরী আবহাওয়া বোরো ধান কাটা ও মাড়াইয়ে বিপাকে ব্রাহ্মণপাড়ার কৃষক বৈরী আবহাওয়া বোরো ধান কাটা ও মাড়াইয়ে বিপাকে ব্রাহ্মণপাড়ার কৃষক
মোঃ অপু খান চৌধুরী। 
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের কারণে বোরো ধান কাটা ও মাড়াই কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত ২-৩ দিন ধরে বিরামহীন ঝড়-বৃষ্টি এবং আকাশে সূর্যের দেখা না পাওয়ায় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন।
 
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠে পাকা ধান থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা কাটতে পারছেন না অনেকেই। আবার যারা ধান কেটে বাড়িতে এনেছেন, তারাও মাড়াই করতে না পেরে বিপাকে পড়েছেন। কারণ বর্তমানে অধিকাংশ কৃষক বৈদ্যুতিক চালিত মেশিনের মাধ্যমে ধান মাড়াই করে থাকেন। কিন্তু ঝড়-বৃষ্টির কারণে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় মাড়াই কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।
 
এদিকে টানা বৃষ্টির কারণে কাটা ধান শুকাতে না পারায় পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কৃষক জানান, ধান ঘরে তুললেও রোদ না থাকায় তা শুকাতে না পারায় মান নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
উপজেলার ধান্যদৌল এলাকার কৃষক রফিক মিয়া জানান, মাঠে ধান পেকে গেছে, কিন্তু ঝড়-বৃষ্টির কারণে কাটতে পারছি না। আবার কেটে আনলেও মাড়াই করতে পারছি না। এতে আমাদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
বড়ধুশিয়া এলাকার কৃষক বজলু মিয়া বলেন,
বাড়িতে কিছু ধান মাড়াই করে রেখেছি এবং কিছু ধান সিদ্ধ অবস্থায় ঘরে আছে। এখন রোদ না উঠলে এসব ধান নষ্ট হয়ে যাবে।  আমি বড় ক্ষতির সম্মুখীন  হবে।
 
এছাড়া কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনাও বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক না হলে কৃষকদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।  বৈরী আবহাওয়ার কারণে ব্রাহ্মণপাড়ার কৃষকরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ