নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলতি মৌসুমে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৬০০ হেক্টর পাকা ধান।দিরাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোট ফসলের অর্জিত জমি ৩০ হাজার ১৭৮ হেক্টর, বর্তমানে দন্ডায়মান ফসলি জমির পরিমাণ ১৬ হাজার ৭৩৮ হেক্টর। মঙ্গলবার উপজেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
জানা যায়, এবছর ধান কাঁচা থাকাবস্থায় অতিবৃষ্টির ফলে জমিতে অতিরিক্ত পানি জমে যায় ফলে ধান কাটার মেশিন ওই সমস্ত জমিতে পানির জন্য নামতে পারেনা। এছাড়া ধান কাটার শ্রমিক চাহিদানুযায়ী না থাকায় শেষের দিকে এসেও কৃষকরা পাকাধান কাটতে পারছে না।
উপজেলার সরমংগল ইউনিয়নের ভরাম হাওরের কৃষক সফিক মিয়া কান্নার স্বরে বলেন, আমার ১০ কিয়ারে মধ্যে সাত কিয়ার পানির নিচে। যদি কোন রকমে সামান্য ধান কাটাতে পারি তাইলে হেইগুলি আর শুকাইতে পারি না রোইদের অভাবে। এখন তো ধান শুকানোর খলাই নাই, পানি উইঠ্ঠা গেছে। আমরা এখন কি খাব, কেমনে চলমু?