নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা বিলে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
নিহত নাঈম হোসেন (২৫) উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। কিন্তু রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তার লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।