ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে ইভিএম ত্রুটির অভিযোগ, বিভিন্ন স্থানে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ১১:৫১:২৭
পশ্চিমবঙ্গে ইভিএম ত্রুটির অভিযোগ, বিভিন্ন স্থানে সংঘর্ষ পশ্চিমবঙ্গে ইভিএম ত্রুটির অভিযোগ, বিভিন্ন স্থানে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আজ বুধবার। এ দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে মুখোমুখি প্রতিদ্বন্দিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের একাধিক এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। চাঁপড়া, শান্তিপুর ও ভাঙড়সহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ দফার ভোটগ্রহণ হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে পরিচালিত বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে চলমান বিতর্কের প্রেক্ষাপটে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, এন্টালি কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল একটি ভোটকেন্দ্রে তার দলের এজেন্টকে বের করে দেওয়াকে কেন্দ্র করে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। ছোট জায়গার কারণে ওই এজেন্টকে বেরিয়ে যেতে বলা হয় এমন অভিযোগ করা হয়েছে। পরে তৃণমূল প্রার্থীর প্রতিনিধি যুক্ত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপক্ষকেই কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এ সময় তিব্রেওয়াল অভিযোগ করেন, ভোটকেন্দ্রের ভেতরে একাধিক লোক ঢুকিয়ে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা চলছে।

অন্যদিকে, নদিয়ার চাঁপড়ার ৫৩ নম্বর বুথে বিজেপির এক এজেন্টের উপর হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, তৃণমূল ঘনিষ্ঠরা ওই এজেন্ট মোশারেফ মীরের উপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীরের অভিযোগ, একাধিক ব্যক্তি তাকে রড দিয়ে আঘাত করে এবং হামলাকারীদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল।

চাঁপড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সৈকত সরকার এ ঘটনার জন্য তৃণমূল কর্মীদের দায়ী করে বলেন, তার মাথায় আঘাত করা হয়েছে, এতে গুরুতর চোট লেগেছে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে তৃণমূল কংগ্রেস এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

ভোটগ্রহণের শুরুতেই এ ধরনের সহিংসতা ও অনিয়মের অভিযোগ ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের তরফে এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ