মোঃআব্দুল্লাহ খিজির,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের ওপর থেকে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রফিজ উদ্দিনকে নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পুনরায় পূর্বের পদে বহাল করা হয়। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রফিজ উদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। তদন্তে সত্যতা না পাওয়ায় আমি পুনরায় দায়িত্বে ফিরতে পেরেছি। আমি দলের প্রতি কৃতজ্ঞ এবং আগামীতেও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাব।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি বলেন, “দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করি সবাই ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, “দলীয় প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপি সবসময় ন্যায় ও শৃঙ্খলার প্রশ্নে আপসহীন। ভবিষ্যতেও যেকোনো অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।