ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ২১:২৬:৫৬
সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
নিজস্ব প্রতিবেদক
সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন এবং তাদের ব্যক্তিগত ও সাংগঠনিক আমানত রক্ষার ওপর জোর দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের সব সময় আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর ওপর প্রাধান্য দিতে হবে।

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত জেলা ও মহানগরী সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি পর্যায়ের তিন দিনব্যাপী ‘শিক্ষাশিবির’ অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার শুরু হওয়া এতে শৃঙ্খলা, নৈতিক উন্নয়ন এবং সামাজিক নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, সার্বিক বিবেচনায় আমরা দেখেছি মহিলা বিভাগের কাজ আশাব্যঞ্জক। ৫ আগস্টের পরে সংগঠন সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। সেই জায়গাটি আমাদের ধরে রাখতে হবে। নিজেদেরকে আরও বেশি যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।”

মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগমের পরিচালনায় তিন দিনব্যাপী এই শিক্ষাশিবিরে সংগঠন পরিচালনায় দক্ষ সংগঠকের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, সংগঠন পরিচালনায় নেতৃত্বের ভূমিকা চালকের মতো। উন্নত নৈতিকতা ও দক্ষ নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে সংগঠনের গতিশীলতা অব্যাহত রাখতে হবে।

এছাড়া দারসুল কোরআন, দারসুল হাদিস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হয়। শিবিরের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে দারসুল কোরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ। বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। দারসুল হাদীস পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি।

বক্তারা দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন, ইসলামী নেতৃত্বের স্বরূপ এবং দায়িত্বশীলদের জবাবদিহিতার বিষয়ে আলোকপাত করেন।

শিক্ষাশিবিরে ‘সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও সামাজিক নেতৃত্ব তৈরিতে করণীয়’ শীর্ষক বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন নূরুন্নিসা সিদ্দীকা। সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু।

শনিবার সকালে শিক্ষাশিবিরের পর্যালোচনা, বিভাগীয় কর্মপরিকল্পনা ও নির্দেশনার পর সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মানের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ