নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
শনিবার দুপুর দেড়টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন, সাবেক সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ এবং বর্তমান সভাপতি নোমান ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, যারা সত্যকে ভয় পায়, তারাই এ ধরনের হামলার আশ্রয় নেয়। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতান্ত্রিক পরিবেশও ঝুঁকির মুখে পড়বে।
বর্তমান সভাপতি নোমান ফয়সাল বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার প্রবণতা ক্রমেই বাড়ছে, যা জাতির জন্য অশনিসংকেত। তিনি বলেন, “সাংবাদিকদের দমিয়ে রাখতে হামলা বা ভয়ভীতি দেখিয়ে কখনোই সফল হওয়া যাবে না। বরং এসব অপচেষ্টা গণমাধ্যমের স্বাধীনতাকে আরও জোরালো করে।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু গোষ্ঠী নিজেদের অপরাধ আড়াল করতে সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং তাদের কণ্ঠরোধের চেষ্টা করে। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ঘোষিত তিন দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবির, বর্তমান যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক এবং কার্যকরী সদস্য মো. ইকবাল হোসাইন, মাঈন উদ্দিন ও নাদির আহমেদসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ১০ জন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলায় জড়িত। ঘটনাটি দেশের গণমাধ্যম অঙ্গনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।