নিজস্ব প্রতিবেদক
ইরানের তেল কেনায় চীনের হেংলি পেট্রোকেমিক্যাল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন অর্থ বিভাগ এ কথা জানায়। তেল শোধনাগারটি উত্তর-পূর্ব চীনের দালিয়ানের কাছে অবস্থিত।
মার্কিন অর্থ বিভাগ জানায় ট্রাম্প প্রশাসন শুক্রবার জানিয়েছে, হেংলি পেট্রোকেমিক্যাল শোধনাগারটি ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের অন্যতম বৃহত্তম গ্রাহক। মার্কিন অর্থ বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে, তারা ইরানের ছায়া নৌবহরের অংশ হিসেবে পরিচালিত প্রায় ৪০টি শিপিং কোম্পানি এবং জাহাজের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে সমালোচনা করেছে চীন। শুক্রবার ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস জানায়, স্বাভাবিক বাণিজ্যের ক্ষতি হওয়া উচিত নয়। সেই সঙ্গে চীনা কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করতে নিষেধাজ্ঞার ‘অপব্যবহার’ বন্ধে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
গত বছর ট্রাম্প প্রশাসন হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শানডং শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংজিং কেমিক্যালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।