ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১১:০৭:৪৩
লালপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ সড়ক অবরোধ লালপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুবদল নেতা নাদিম হোসেন দোহার সমর্থক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মজনু পাটোয়ারীকে নিয়ে একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে যায়।

বুধবার রাতে ভিডিওটি নিয়ে হাসান নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর সঙ্গে মজনু পাটোয়ারীর বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উপজেলার গুনাইহাটি গ্রামের পল্লী চিকিৎসক রাশেদুল ইসলাম আহত হয়।

এঘটনায় বিক্ষুব্ধ জনতা নাটোর–পাবনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে । এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

আহতদের মধ্যে মোকলেছ পাটোয়ারী (৪২) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত মজনু পাটোয়ারী (৩৬) সহ অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মজনু পাটোয়ারী অভিযোগ করে বলেন, বড়াইগ্রাম এলাকা থেকে লোকজন এনে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে নাদিম হোসেন দোহা বলেন, এ ঘটনার সঙ্গে তার বা দলের কোনো সম্পৃক্ততা নেই। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান,পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ