ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় হচ্ছে ইরান যুদ্ধবিরোধী কনসার্ট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৪ ১৫:৪৭:৫৯
ঢাকায় হচ্ছে ইরান যুদ্ধবিরোধী কনসার্ট ঢাকায় হচ্ছে ইরান যুদ্ধবিরোধী কনসার্ট
নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, গণহত্যা ও সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বিকেলে এক বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে।

বেশকিছু রাজনৈতিক দল ও প্রগতিশীল ছাত্রসংগঠনের যৌথ উদ্যোগ ‘নো ওয়ার নো এম্পায়ার’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, ঢাবি’র রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে কনসার্টটি শুরু হবে।

যুদ্ধবিরোধী এই কনসার্টে গানে গানে সংহতি প্রকাশ করবেন দেশের একঝাঁক জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড। সেই তালিকায় রয়েছেন কফিল আহমেদ, অরূপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লালালালা, ওয়ারদা আশরাফ, সুচিন মারমা ও কুয়াশা মূর্খ। এ ছাড়াও পারফর্ম করবে ব্যান্ড সহজিয়া, কোরাস, দ্য কমরেডস, বাংলা ফাইভ, মাভৈ ও সমগীত।

আয়োজক সূত্র জানিয়েছে, ফিলিস্তিন, ইরান, লেবানন, ভেনেজুয়েলা ও কিউবাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সংহতি জানাতে এই কনসার্ট আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া মার্কিন বাণিজ্যিক চুক্তি অবিলম্বে বাতিলের দাবিও জানানো হবে।

আয়োজকরা জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যখন দেশে দেশে যুদ্ধ ও সাধারণ মানুষের ওপর গণহত্যা চলছে, তখন শিল্পী সমাজ নীরব থাকতে পারে না।

সংস্কৃতি ও গানের শক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং সাধারণ মানুষকে শান্তির বার্তা পৌঁছে দেওয়াই এই কনসার্টের মূল লক্ষ্য। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ