নিজস্ব প্রতিবেদক
'সবুজের বিশালতা যেমন রোমাঞ্চকর, তেমনি দায়িত্বও অনেক। তোমরা যখন বিদেশি পতাকাবাহী জাহাজে কাজ করবে, তখন ভাববে নাবিক নয়, বাংলাদেশের একেকজন এম্বাসেডর।'
মাদারীপুরে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের পাসিং আউট অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ত্যব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান নাবিকদের উদ্দেশ্য এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শহীদুল্লাহ প্রমুখ।
নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯৫ জন প্রশিক্ষণার্থী আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নেন। পরে কৃতী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দেশি-বিদেশি জাহাজ মালিক, শিপিং এজেন্ট, সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকেরা এ সময় উপস্থিত ছিলেন।