ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২১ ১৯:২৩:২৭
পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন
নিজস্ব প্রতিবেদক
জুলাই বিপ্লবের সময় ২০২৪ সালের ১৮ জুলাই তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফোন করে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জবানবন্দিতে জানিয়েছেন তৎকালীন সাবমেরিন ক্যাবল কোম্পানির ভারপ্রাপ্ত এমডি মির্জা কামাল আহমেদ।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দিতে তিনি এসব কথা বলেন।

জবানবন্দিতে মির্জা কামাল বলেন, জুলাই আন্দোলনের সময় আমি প্রেষণে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলাম। ২০২৪ সালের ১৮ জুলাই সন্ধ্যা ৭টার পর বিটিআরসি কর্তৃক ‘ ১৮ জুলাই আইটিসি অপারেশন’ নামে একটি হোয়াটসএ্যাপ গ্রুপ খোলা হয়। এ গ্রুপে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির প্রতিনিধি হিসেবে আব্দুল ওয়াহাব, ডিজিএমকে অন্তর্ভুক্ত করা হয়। সরকারি কোম্পানি হিসেবে সাবমেরিন ক্যাবলের পাশাপাশি বিটিসিএল-এর একজন প্রতিনিধি আনোয়ার হোসেন মাসুদকেও অন্তর্ভুক্ত করা হয়। এই গ্রুপে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বিটিআরসির তৎকালীন ডিজি কাজী মোস্তাফিজুর রহমান একটি ভয়েস কলের মাধ্যমে ইন্টারনেট শাটডাউনের সরকারি সিদ্ধান্ত জানিয়ে নির্দেশনা প্রদান করেন। সাবমেরিন ক্যাবলের প্রতিনিধি আব্দুল ওয়াহাব আমাকে বিষয়টি ফোনে অবহিত করেন।

জবানবন্দিতে তিনি আরও বলেন, বিটিআরসি কর্তৃক আগেই ‘ আইআইজি অপারেশন’ নামে একটি হোয়াটসএ্যাপ গ্রুপ চালু ছিল। যেখানে বিটিআরসির উপ-পরিচালক মেহেরীন আহসান একটি এসএমএসের মাধ্যমে সবাইকে ইন্টারনেট বন্ধ করে ডান (ওকে) লিখে জানানোর নির্দেশনা প্রদান করেন। সাবমেরিন ক্যাবল কোম্পানির প্রধান কাজ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা। এছাড়াও আইআইজি লেভেলে গ্রাহক সেবা প্রদানের লাইসেন্স রয়েছে। আমি সাবমেরিন এবং আইআইজি দুস্তরেই ইন্টারনেট বন্ধের বিষয়ে অবগত হয়ে অনেকটা অবাক হই। আমি জনাব ওয়াহাবকে শুধুমাত্র আইআইজি লেভেলে ইন্টারনেট বন্ধের বিষয়ে সম্মতি দিই। ১৮ জুলাই রাত ৮টার দিকে আব্দুল ওয়াহাব আমাকে ফোন করে জানান, বিটিআরসি সাবমেরিন ক্যাবল লেভেলে কক্সবাজার এবং কুয়াকাটায় সাবমেরিন ব্যান্ডউইথ শাটডাউনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোপূর্বে আমার জানামতে সাবমেরিন লেভেলে কখনো ইন্টারনেট বন্ধ করা হয়নি বিধায় নির্দেশনাটি শুনে আমি হতচকিত হই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ