নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলার কুলাঘাট বিশেষ ক্যাম্পের আওতাধীন সাবরিখানা ব্রিজ এলাকায় মোটরসাইকেলসহ ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে ১৫ বিজিবি। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাফ সিরাপ ১১১ বোতল, যার সিজার মূল্য ৪৪,৪০০ টাকা। এছাড়াও পালসার মোটরসাইকেল ১টি, যার সিজার মূল্য ১,৮০,০০০/-টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,২৪,৪০০/- টাকা।
জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কুলাঘাট বিশেষ ক্যাম্পের আওতাধীন সাবরিখানা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় একটি মোটরসাইকেলে কয়েকজন চোরাকারবারিকে দেখে থামার সংকেত দেওয়া হয়। আর থামার সংকেত পেয়ে মোটরসাইকেল রেখেই তারা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় ১১১ বোতল ইস্কাফ সিরাপ মোটরসাইকেলটি জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।