সাইদুল ইসলাম, বালাগঞ্জ, (সিলেট) ক্রাইম রিপোর্টার ::
সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহগলি বাজারের সম্মুখে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আপন তিন ভাইয়ের মধ্যে বড় ভাই নিহত হয়েছেন। অপর দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে শাহগলি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহগলি খিলোগ্রাম এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের তিন পুত্র একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। শাহগলি বাজার অতিক্রম করার সময় তারা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই তুহিন আহমেদকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে থাকা অপর দুই ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
একই পরিবারের তিন সন্তানের এই মর্মান্তিক দুর্ঘটনায় জকিগঞ্জ ও শাহগলি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত তুহিন আহমেদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে এবং আহত দুই ভাইয়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হচ্ছে।