সরকারের ওপর ভুতে আছর করেছে -মোহাম্মদ সেলিম উদ্দিন
আপডেট সময় :
২০২৬-০৪-২০ ১৫:১০:১৩
সরকারের ওপর ভুতে আছর করেছে -মোহাম্মদ সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ইউনিট দায়িত্বশীলসহ সকল স্তরের জনশক্তিকে ময়দানে দুর্বার ও আপসহীন ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ রাজধানীর উত্তরায় স্থানীয় একটি মিলনায়তেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পশ্চিম থানা আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মস্তোফা এবং মহানগরী ওলামা বিভাগের সভাপতি ড. মীম আতিকুল্লাহ। উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম জোন সহকারী মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা নায়েবে আমীর মকবুল হোসেন খান, থানা অফিস সেক্রেটারি জি এম আসলাম, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য তারেক হাসান, জামায়াত নেতা মশিউর রহমান, এম এইচ, সোহেল, সাইখুল সাকিব, আবু সাইদ, এস এম জাহাঙ্গীর প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলন কোন গতানুগতিক রাজনীতি নয় বরং আর্ত- মানবতার কল্যাণ ও মুক্তির এক আপসহীন আন্দোলন। এখানে ক্ষমতা কোন ভোগের বিষয় নয় বরং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক দৃঢ় প্রত্যয়ের নাম।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতা পরবর্তী সরকারগুলো মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আদর্শ রাষ্ট্র বিনির্মাণে তেমন সাফল্য দেখাতে পারেনি বরং ক্ষমতাকে আত্মপুঁজার অনুসঙ্গে পরিণত করেছিলো। জুলাই বিপ্লব আমাদেরকে নতুন করে আশার আলো দেখালেও বর্তমান ক্ষমতাসীনরা অতীতের পুরনো অশুভ বৃত্ত থেকে বেড়িয়ে আসতে পারেনি। ফলে আমাদের অর্জিত বিপ্লব হাতছাড়া হতে বসেছে। শত-সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ক্ষমতার দম্ভে ক্ষমতাসীনরা পদদলিত করতে কসুর করছে না। এমতাবস্থায় দেশের কোন আত্মসচেতন মানুষ নির্লিপ্ত থাকতে পারে না। তিনি জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী হয়ে ওঠার অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতেই সরকার জুলাই সনদ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জুলাই সনদে স্বাক্ষর এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় যাওয়ার পর তাদের ওপর ভূতে আছর করেছে। তারা সবকিছুতেই এখন ভূতের মত পশ্চাদমুখী। শুরুতেই তারা গণভোটকে অবৈধ বললেও এখন তারা এর বৈধতা স্বীকার করে নিয়েছে। তাই জুলাই সনদ বিষয়ে জনগণ কোন টালবাহানাই মেনে নেবে না বরং সরকারকে সাংবিধানিক সংস্কার ও জুলাই সদন বাস্তবায়নে বাধ্য করবে। তিনি সরকারকে গণবিরোধী অবস্থান থেকে সরে এসে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহবান করে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স