নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে কোটচাঁদপুর শহরের আম বাজার এলাকায় মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত শাজাহান শেখ (৫৫) উপজেলার এলাঙ্গী গ্রামে শেখ পাড়ার মোকাম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার রাজিব হোসেন বলেন, আমার দোকানের সামনে দিয়ে মাটি বোঝায় ট্রাক্টর যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি সড়কের উপর পড়ে আছে বাইসাইকেল আরোহী। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মাহবুবুর রহমান বলেন, দুই দিন আগে মেয়ের অপারেশন করেছেন কোটচাঁদপুরের একটি ক্লিনিকে। শুক্রবার সন্ধ্যা রাতে সেই মেয়ের জন্য ক্লিনিকে ভাত নিয়ে যাচ্ছিলেন শাহাজাহান শেখ। পথিমধ্যে কোটচাঁদপুর আম বাজার মোড়ে পৌঁছালে ট্রাক্টর ধাক্কা দেয়। এতেই শাহজাহান আলী নিহত হন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, দুর্ঘটনার বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে খবর পেয়েছি। এরপর পুলিশ ঘটনাস্থল গেছে। তদন্তের পর বলা সম্ভব হবে কিভাবে ঘটনা ঘটেছে। ট্রাক্টর ও চালক পালিয়ে গেছে।