নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। দেশের পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দেশে কৃত্রিম চাহিদা ও সংকট তৈরি করা হচ্ছে। এর প্রমাণ হিসেবে হাজার হাজার লিটার মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে। আমাদের চ্যালেঞ্জ রয়েছে, তবে কোনো সংকট নেই। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।
নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটরকে দেওয়া হবে কি না এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার দেশের স্বার্থ, বন্দরের লাভ এবং প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনাসহ সব বিষয় বিবেচনা করবে। যাই হোক, দেশের স্বার্থ রক্ষা করা হবে।