নিজস্ব প্রতিবেদক
ভোলার তজুমদ্দিনে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে বইছে আলোচনার ঝড়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের রহস্যজনক মৃত্যু হয়।
গিয়াসের বাড়ি উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। তিনি মৃত আ. মুনাফের ছেলে।
এর আগে গত ২৪ মার্চ রাত ৮টায় ব্যবসায়ী গিয়াসকে গাড়ি ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে তজুমদ্দিনের দক্ষিণ কেয়ামুল্যা গ্রামের মো. কাশেম ও তার ছেলে আব্বাস, শাকিল, আকবর এবং একই এলাকার দাদু মিয়ার ছেলে মিরাজসহ মিলে ব্যবসায়ী গিয়াসকে এলোপাতাড়ি মারধর করে চলে যায়। এরপর হামলাকারীরা দোকানে থাকা টাকা পয়সা ও নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে চলে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই ঘটনায় ২৫ মার্চ গিয়াসের ছোট ভাই আকিব বাদি হয়ে ৬ জন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে তজুমদ্দিন থানায় একটি মারধর, লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এরপরে খাসেরহাট বাজারের ব্যবসায়ীরা গিয়াসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন।
ব্যবসায়ী গিয়াসের পরিবারের দাবি, কিছুদিন আগে গিয়াসকে মারধর করার পর তিনি পুরোপুরি সুস্থ হননি। ব্যাপক মারধরের প্রভাবে ব্যবসায়ী গিয়াসের মৃত্যু হয় বলে দাবি করেন তার স্বজনরা।
তজুমদ্দিন থানার ওসি মিজানুর রহমান বলেন, মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।