ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে আইনি মারপ্যাঁচে মেসি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ১০:২১:২৬
বিশ্বকাপের আগে আইনি মারপ্যাঁচে মেসি বিশ্বকাপের আগে আইনি মারপ্যাঁচে মেসি
নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের প্রস্তুতির ঠিক আগমুহূর্তে বড় ধাক্কায় পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। একটি প্রীতি ম্যাচে না খেলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছে।

ঘটনাটি গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রদর্শনী ম্যাচ ঘিরে। মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিআইডি’ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তিতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি ম্যাচ আয়োজন করে। চুক্তির শর্ত অনুযায়ী, ইনজুরি না থাকলে মেসির অন্তত ৩০ মিনিট মাঠে থাকার কথা ছিল।

কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামেননি মেসি; পুরো সময়ই গ্যালারিতে বসে খেলা দেখেন তিনি। এতে ক্ষুব্ধ হয় আয়োজক প্রতিষ্ঠানটি।

অভিযোগকে আরও শক্তিশালী করেছে পরের দিনের ঘটনা। ওই ম্যাচে না খেললেও পরদিনই ইন্টার মিয়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি। আয়োজকদের দাবি, এতে প্রমাণ হয় তিনি ফিট ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে চুক্তি ভঙ্গ করেছেন।

ভিআইডি জানায়, মেসি না খেলায় টিকিট বিক্রি কমে যায় এবং ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরাতে হয়, যার ফলে তাদের ১ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।

তবে মাঠের পারফরম্যান্সে এখনো দারুণ ছন্দে আছেন মেসি। ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর ৯৬ ম্যাচে ৮৩ গোল করে দলকে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

বিশ্বকাপের আগে এই আইনি জটিলতা শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে—এখন সেটিই দেখার অপেক্ষা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ