ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে ডিজেল সংকটে ধান কাটায় দুশ্চিন্তায় কৃষক, অভিযোগ নেই-বললেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১৩:৫৫:০১
মদনে ডিজেল সংকটে ধান কাটায় দুশ্চিন্তায় কৃষক, অভিযোগ নেই-বললেন ইউএনও মদনে ডিজেল সংকটে ধান কাটায় দুশ্চিন্তায় কৃষক, অভিযোগ নেই-বললেন ইউএনও
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার মদন উপজেলায় চলতি বোরো মৌসুমে জ্বালানি তেলের সংকটে পাকা ধান কাটতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত তার কাছে কোনো কৃষকের অভিযোগ আসেনি।

উপজেলার বিভিন্ন হাওর এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব বোরো ধান পেকে গেলেও ডিজেল সংকটের কারণে হারভেস্টার মেশিন চালানো যাচ্ছে না। ফলে সময়মতো ধান কাটা সম্ভব হচ্ছে না এবং পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে।

গোবিন্দশ্রী পশ্চিম পাড়া, বড্ডা ও বারঘরিয়া গ্রামের কৃষক মাজু মিয়া, জানু মিয়া ও নুরুল হকসহ অনেকেই জানান, ভাটি অঞ্চলে ধান কাটার জন্য তারা মূলত হারভেস্টার মেশিনের ওপর নির্ভরশীল। কিন্তু ডিজেল না পাওয়ায় মেশিন চালানো যাচ্ছে না। বাজারে বেশি দামে তেল কিনলেও প্রয়োজন অনুযায়ী পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে তেলের পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর মদনে ১৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে ধান কাটায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কৃষকদের দাবি, দ্রুত পর্যাপ্ত ডিজেল সরবরাহ নিশ্চিত করা হলে সংকট অনেকটাই কমবে এবং ধান কাটা সহজ হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান মিজান বলেন, জ্বালানি সংকটের কারণে কিছু এলাকায় হারভেস্টার কার্যক্রমে সমস্যা হয়েছে। তবে দুর্যোগ মোকাবিলায় ১৪ হাজার লিটার ডিজেল মজুত রাখা হয়েছে এবং অন্য উপজেলা থেকেও সংগ্রহ করা হচ্ছে। কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে এবং বিকল্প প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রী বলেন, গতকাল পর্যাপ্ত জ্বালানি তেল এসেছে। আমাকে বা কৃষি অফিসকে এখনো কোনো কৃষক অভিযোগ করেনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ