নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের কৃষক যদি ভালো ও সুখে থাকে, তাহলে দেশের সমগ্র মানুষ ভালো থাকবে। কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ ‘কৃষক কার্ড’ দেওয়া হবে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পহেলা বৈশাখের দিনে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ২০মিনিটে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। টাঙ্গাইলের এই আয়োজন থেকেই সারা দেশের ২০ হাজার বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।