মোঃআইয়ুব চৌধুরী,
রাজস্থলী(রাঙ্গামাটি)
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এই উৎসবে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী আপ্যায়নের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজস্থলী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন এবং বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ণিল পোশাক, মুখোশ, ফেস্টুন ও বাদ্যযন্ত্রে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাঙালি, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও খিয়াং জনগোষ্ঠীর শিল্পীরা নিজ নিজ ঐতিহ্যবাহী নৃত্য ও পরিবেশনার মাধ্যমে বৈচিত্র্যের এক অনন্য রূপ তুলে ধরেন। পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির এই মিলনমেলায় সৃষ্টি হয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানের শেষপর্বে পহেলা বৈশাখের চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য আয়োজন করা হয় পান্থা-ইলিশের। এতে অংশগ্রহণকারীরা উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোঃ নোমান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদসহ বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, এ ধরনের উৎসব পার্বত্য অঞ্চলের ভিন্ন ভিন্ন সংস্কৃতিকে একসূত্রে গেঁথে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেয়। নববর্ষের এই আয়োজন রাজস্থলীর মানুষের মধ্যে নতুন আশা, আনন্দ ও ঐক্যের সঞ্চার করেছে।