ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্বের ১০০ দিনে নতুন পরিকল্পনা তুলে ধরলেন মামদানি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ১৫:১২:৩৪
দায়িত্বের ১০০ দিনে নতুন পরিকল্পনা তুলে ধরলেন মামদানি দায়িত্বের ১০০ দিনে নতুন পরিকল্পনা তুলে ধরলেন মামদানি
নিজস্ব প্রতিবেদক
দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে রোববার সমাবেশ করে নিজের প্রাথমিক সাফল্য তুলে ধরেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তিনি তার স্পষ্ট ‘সমাজতান্ত্রিক’ কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কুইন্সে এক জনাকীর্ণ সমাবেশে ৩৪ বছর বয়সী এই মেয়র বলেন, ‘আমি জানি, অনেকে ‘সমাজতান্ত্রিক’ শব্দটিকে খারাপ বা লজ্জার কিছু হিসেবে ব্যবহার করেন।’

এ সময় তিনি আরও বলেন, তারা যতই চেষ্টা করুক, আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য সরকারকে ব্যবহার করতে লজ্জা পাব না।

মামদানি উল্লেখ করেন যে শহরের সড়কের গর্ত ভরাটের কর্মসূচিতে ১ জানুয়ারি থেকে এক লক্ষাধিক গর্ত মেরামত করা হয়েছে। এটা প্রমাণ করে, তিনি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সরকার যদি ছোট কাজগুলোই করতে না পারে, তাহলে বড় কাজের জন্য মানুষ কীভাবে সরকারকে বিশ্বাস করবে? আমরা যদি আপনাদের রাস্তা ঠিক করতে না পারি, তাহলে শহর বদলের প্রতিশ্রুতি কীভাবে দেব?’

এই সমাবেশে তার ঘনিষ্ঠ সহযোগী, ৮৪ বছর বয়সী বামপন্থী নেতা বার্নি স্যান্ডার্সও উপস্থিত ছিলেন।

মামদানি তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— সিটি পরিচালিত মুদি দোকান চালু করা, যার প্রথমটি আগামী বছর খুলবে। এগুলো ছোট শিশুদের জন্য বিনামূল্যে শিশু যত্নসেবা দিবে।

এ ছাড়া তিনি সিটি কমিটিগুলো পুনর্গঠন করেছেন, যা আগামী মাসগুলোতে ভাড়া বৃদ্ধির হার স্থগিতের পথ তৈরি করতে পারে।

তবে বিনামূল্যে বাসযাত্রা এখনও নিউইয়র্ক অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

নতুন মেয়রের জনপ্রিয়তা নিয়ে এই সপ্তাহে প্রকাশিত দুটি জরিপে দেখা গেছে, নিউইয়র্কবাসীর মধ্যে তার অনুমোদন হার ৪৮ শতাংশ ও ভোটারদের মধ্যে ৪৩ শতাংশ।

এমারসন কলেজ পোলিং/পিক্স১১ জরিপ অনুযায়ী, ৫৪ শতাংশ ভোটার তার শিশু যত্ন উদ্যোগকে সমর্থন করেছেন ও ৪৯ শতাংশ আবাসন ব্যয় নিয়ে তার পদক্ষেপের প্রশংসা করেছেন।

তবে একই জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ হিস্পানিক ও ৫৮ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার মনে করেন, শহরটি ‘ভুল পথে’ এগোচ্ছে।

নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচক হলেও, সাম্প্রতিক মাসগুলোতে রিপাবলিকান এই প্রেসিডেন্টের সঙ্গে মামদানির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। 

তিনি ইতোমধ্যেই দু’বার হোয়াইট হাউস সফর করেছেন।

ম্যারিস্ট পোল অনুযায়ী, ৫৯ শতাংশ নিউইয়র্কবাসী মনে করেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি ‘সঠিক ভারসাম্য’ বজায় রেখেছেন।





















 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ