নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-ইরান গুরুত্বপূর্ণ আলোচনার খবর সংগ্রহ করতে শতাধিক সাংবাদিক জড়ো হয়েছেন ইসলামাবাদের প্রধান কনভেনশন সেন্টারে, যা অস্থায়ীভাবে মিডিয়া হাবে রূপান্তর করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।
তবে আলোচনার মূল ভেন্যু থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থান করায় সাংবাদিকদের অনেকটাই অপেক্ষায় সময় কাটাতে হচ্ছে বলে জানিয়েছে এএফপি।
মিডিয়া সেন্টারের ভেতরে রয়েছে উন্নতমানের কফি, উচ্চগতির ইন্টারনেট এবং আকর্ষণীয় ব্র্যান্ডিং।স্লোগানে সাজানো কফি স্টলটিও নজর কেড়েছে। স্টলের দায়িত্বে থাকা একজন বলেন, ‘আমরা শুধু আজকের দিনের জন্যই এই ব্র্যান্ডিং বা ‘শান্তির জন্য প্রস্তুত’ করেছি।’
সেন্টারের ভেতরে বিয়ের ভোজের মতো করে বিরিয়ানি, কাবাব ও গোলাপ জামুনের আয়োজন করা হয়েছে, সাথে আছে ব্রাজিলিয়ান ও ইথিওপিয়ান বিন থেকে তৈরি গুরমে কফি।
সেন্টারের বাইরে ছোট মঞ্চে লোকসংগীত পরিবেশন করছেন শিল্পীরা। তবে সব আয়োজনের মধ্যেও অনেক সাংবাদিকের মাঝে এক ধরনের বিরক্তি দেখা গেছে।
হলের বাইরে একটি ছোট মঞ্চে শিল্পীরা লোকসংগীত পরিবেশন করছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, ‘আমি চরম বিরক্ত হয়ে গেছি।’
আরেকজনও একই ধরনের মূল্যায়ন করেন, ‘এখানে করার মতো তেমন কিছু নেই।’
উচ্চপর্যায়ের আলোচনা চললেও, মিডিয়া সেন্টারে অপেক্ষমাণ সাংবাদিকদের অভিজ্ঞতা তাই অনেকটাই ভিন্ন বাস্তবতার চিত্র তুলে ধরছে।