নিজস্ব প্রতিবেদক
দেশের যুব ও ছাত্রসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সুস্থ বিনোদন চর্চা জোরদারের লক্ষে জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খেলাধুলা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার মিরপুর-১৪ নম্বরে ইউজিসির আবাসিক এলাকায় আয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের পৃথক প্রীতি ক্রিকেট ম্যাচ এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সকালে একই ভেন্যুতে ইউজিসি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে স্বাধীনতা দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় ম্যাচে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে অংশ নেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দলগুলো।
প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, জাতীয় দিবসভিত্তিক এ ধরনের আয়োজন শুধু আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলে। তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আন্তঃসম্পর্ক দৃঢ় হয়, দলগত কাজের মানসিকতা তৈরি হয় এবং একটি স্থিতিশীল, মানবিক ও ইতিবাচক শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিত করা সহজ হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, আইসিটি বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানা, ইউজিসি আবাসিক এলাকা কল্যাণ কমিটির সভাপতি ও অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মোক্তার জামান স্বাধীনসহ অ্যাসোসিয়েশন ও ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা।