ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​দুই সন্তান রেখে প্রেমিকের সাথে পালালেন প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১৯:৩৮:৩৬
​দুই সন্তান রেখে প্রেমিকের সাথে পালালেন প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ ​দুই সন্তান রেখে প্রেমিকের সাথে পালালেন প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

মুহাম্মদ রকিবুল হাসান।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া ডাকলাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা রমুজা বেগম বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে এক লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে ওমর ফারুক ও জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ওমর ফারুক দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং নিয়মিত পরিবারের ভরণপোষণের জন্য অর্থ পাঠিয়ে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, গত দেড় বছর ধরে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের আনিসুর রহমানের সাথে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে পরকীয়ায় রূপ নেয়।

গত ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জান্নাতুল ফেরদৌস তিন ভরি স্বর্ণালঙ্কার (প্রায় ৬ লাখ টাকা মূল্য), নগদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী নিয়ে আনিসুর রহমানের সাথে অজ্ঞাত স্থানে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পালানোর সময় তিনি বড় ছেলে (৫) কে ঘুমন্ত অবস্থায় রেখে ছোট ছেলে (২) কে সঙ্গে নিয়ে যান। পরে আত্মীয়-স্বজনের মাধ্যমে ছোট সন্তানকে তার বাবার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে বড় সন্তান দাদীর কাছে এবং ছোট সন্তান নানার বাড়িতে অবস্থান করছে।

এ বিষয়ে প্রবাসী ওমর ফারুক মুঠোফোনে জানান, “আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার দুই সন্তান মা হারা হয়ে গেল। একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত আনিসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার বেলাশর সিনেমা হল সংলগ্ন এলাকায় তার বাড়ি এবং তার পিতার নাম মোঃ ইউনুস।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ