নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে চারটি যানবাহনের সংঘর্ষে ট্রাক থেকে ছিটকে পড়া স্টিলের ভারী বান্ডেলে চাপা পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (রাত সাড়ে ১০টা) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল। এ সময় একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। পরে ওই কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায় স্টিলের বান্ডেলবোঝাই একটি ট্রাক। এর পরপরই ট্রাকটির পেছনে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষের একপর্যায়ে ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিটকে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর। এতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক সিটে আটকা পড়েন। একই সময় রাস্তা পারাপারের সময় এক পথচারীও দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় নিহত পথচারীর নাম আশরাফ (১৮)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন—সোহাগ (২০), রাসেল (৩২) ও নুরুল আমিন (২৮)।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের বলেন, আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পথচারী আশরাফ মারা যান।