নিজস্ব প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন স্মরণে ‘বন্ধু প্রিয় শামস সুমন… স্মৃতিতে অম্লান’ শীর্ষক বিশেষ আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
আগামীকাল বৃহস্পতিবার, ৯ এপ্রিল, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু।
তিনি বলেন, ‘আমাদের প্রিয় সহকর্মী, গুণী অভিনয়শিল্পী এবং অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের অন্তপ্রাণ সদস্য শামস সুমন ভাইয়ের অকাল প্রয়াণ আমরা এখনও মেনে নিতে পারছি না। তাকে স্মরণ করতে আমরা সবাই একত্রিত হবো। অনুষ্ঠানে তার জীবন ও কর্ম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এরপর সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করবেন।’
২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শামস সুমন। কর্মজীবনে তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এক সময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন। মঞ্চ, ছোটপর্দা এবং বড়পর্দা- সব ক্ষেত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি টেলিভিশন নাটকে কিছুটা অনিয়মিত ছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গত ১৭ মার্চ অকালে মৃত্যুবরণ করেন শামস সুমন। তার অভিনয়, ব্যক্তিত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।