ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন তৃতীয় দফায় রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ১৭:৪০:৩৯
ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন তৃতীয় দফায় রিমান্ডে ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন তৃতীয় দফায় রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লে. জেনারেল শেখ মামুন খালেদকে জিজ্ঞেসাবাদের জন্য তৃতীয় দফায় আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন। এর আগে ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন তার তৃতীয় দফায় আরো চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও আইনজীবী জামাল উদ্দিন মার্জিন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ মার্চ মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত ২৬ মার্চ তার পাঁচ দিনের রিমান্ড আদেশ আদালত। এরপর পরের দফায় গত ৩০ মার্চ তার আরো ছয় দিনের রিমান্ডে পাঠান আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে।

এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ