নিজস্ব প্রতিবেদক
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীতে এক রিকশাযাত্রী গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত যাত্রীর নাম সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৫)। তার স্বামীর নাম মৃত মোজাম্মেল হোসেন। তিনি বালিয়াকান্দি উপজেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে আদালতে মামলা করতে তিনি রাজবাড়ীতে এসেছিলেন। সঙ্গী আত্মীয়দের আদালত প্রাঙ্গণে রেখে তিনি একাই শহরের একটি হোটেলে নাস্তা খেতে যান।
নাস্তা খেয়ে রিকশাযোগে তিনি আদালত চত্বরে ফিরছিলেন। টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলচত্বরের কাছে নিজের ওড়না রিকশার চাকার সঙ্গে ওড়না জড়িয়ে গেলে তিনি সড়কে পড়ে যান। এ সময় রিকশাচালক হতবিহ্বল হয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সেলিনা মোজাম্মেল ঝরনার ছেলে সোহেল মিয়া নিউজ পোর্টাল বার্তা-২৪-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি । তারা দুই ভাই-বোন। পিতা আগেই মারা গেছেন।
রাজবাড়ী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাসেল মিয়া জানান, ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই। আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।