নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের উপরে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে যাত্রীবাহী তাকওয়া পরিবহন মিনিবাসের ধাক্কায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন অন্তত ৫ জন ।
গাজীপুর মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের উপরে রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে । হতাহত কারও পরিচয় নিশ্চিত করা যায়নি ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রায় যাচ্ছিল । এসময় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে মিনিবাসের সামনের অংশ দুমরে মুচরে যায় । এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় । গুরুতর আহত হয় অন্তত ৫ জন। পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায় । নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
এঘটনায় এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল । এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয় । পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ফ্লাইওভার থেকে সড়িয়ে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।
জিএমপি কোনাবাড়ি থানার পরিদর্শক ইফতেখার হোসেন জানান, নিহতদের শনাক্তের কাজ চলছে। প্রায় এক ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে ।