বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন
আপডেট সময় :
২০২৬-০৪-০৫ ১৫:৫৭:৩৬
বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাকেরগঞ্জে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। রোববার (৫ এপ্রিল) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য উপদেষ্টা ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন-এর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় বরিশাল জেলা ও বাকেরগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তারা অভিভাবকদের উদ্দেশ্যে শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধন শেষে অতিথিরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা স্বাস্থ্যসেবার মান, চিকিৎসা কার্যক্রম এবং অবকাঠামোগত দিক পর্যালোচনা করেন। এ সময় হাসপাতালের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।
ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, “দেশব্যাপী টিকাদান কার্যক্রমকে আরও জোরদার করতে হবে, যাতে কোনো শিশু টিকার আওতার বাইরে না থাকে।” অপরদিকে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বয়সী শিশুদের হাম ও রুবেলার টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এই সংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, এ ধরনের টিকাদান কর্মসূচি দেশের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স