নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ দেশের অন্তত ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। সেজন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সংস্থাটির ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, ৩ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রথম দিনে সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৪ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
৫ এপ্রিল থেকে ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
৬ এপ্রিল থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি আরও বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
৭ এপ্রিল থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন ঘটছে।