নিজস্ব প্রতিবেদক
ভূপাতিত যুদ্ধবিমানের ক্রু সদস্যকে উদ্ধার করতে ইরানে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী। শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে তারা। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
যদিও যুক্তরাষ্ট্র বা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মার্কিন বিশেষ বাহিনীর ইরানে প্রবেশের এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
ইরান তাদের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, দুজন ক্রু সদস্য বিমান থেকে বেরিয়ে আসেন। আটকে পড়া মার্কিন বিমানসেনাকে খুঁজে বের করতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে।
যুদ্ধবিমান বিধ্বস্তের পর দুটি মার্কিন সামরিক হেলিকপ্টার এবং নিচু দিয়ে উড়ে যাওয়া জ্বালানি সরবরাহকারী বিমান নিয়ে পরিচালিত অভিযানে একজনকে উদ্ধার করা হয়। এ সময় তাদের ওপর হালকা অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
কর্মকর্তাদের মতে, ইরানের গুলিতে উভয় হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে একটি ইরাকের আকাশসীমায় ফিরে যাওয়ার সময় ধোঁয়া ছাড়ছিল, যদিও শেষ পর্যন্ত তারা নিরাপদে অবতরণ করে।
শুক্রবার রাত পর্যন্ত অপর মার্কিন বিমানসেনার অবস্থান অজানা ছিল। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় মিলিশিয়ারা সেই বিমানসেনাকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে। এমনকি তাকে আটক করার জন্য ৬০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করা হয়।