নিজস্ব প্রতিবেদক
অটিজমসম্পন্ন ব্যক্তিদের অধিকার রক্ষা, মর্যাদা নিশ্চিতকরণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে রাজধানীতে ‘অটিজম ও মানবতা: সমান মর্যাদার বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইনোভেশনস ইন টেকনোলজি অ্যান্ড হেলথ (ফেইথ বাংলাদেশ) এই আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তারিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিসেস মুশায়লা করিম, চেয়ারম্যান, ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এবং ড. মো. সবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ফেইথ বাংলাদেশের চেয়ারম্যান ডা. আফতাব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা বলেন, অটিজম কেবল স্বাস্থ্যগত বিষয় নয়; এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যু। বিশ্বব্যাপী গবেষণার তথ্য তুলে ধরে তারা জানান, অটিজমসম্পন্ন শিশুদের অভিভাবকরা অন্যদের তুলনায় বেশি মানসিক চাপের সম্মুখীন হন, এবং বাংলাদেশেও একই চিত্র বিদ্যমান।
বক্তারা আরও বলেন, সামাজিক কুসংস্কার, বৈষম্য এবং সচেতনতার অভাবে অটিজম আক্রান্ত পরিবারগুলো প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের কার্যকর নীতিনির্ধারণী পদক্ষেপের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
গোলটেবিল আলোচনায় অরবিস ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি ডিরেক্টর ডা. মুনিম আহমেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেইথ বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর নিলুফার আহমেদ করিম।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ফেইথ বাংলাদেশ অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের পরিচালিত ‘ব্রাইটার লাইফ স্কুল’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসম্মত শিক্ষা ও সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে সহযোগিতা করে অরবিস ইন্টারন্যাশনাল এবং ইনার হুইল ক্লাবের বিভিন্ন শাখা।