ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে মন্ত্রী আসবেন তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ১৭:১৭:৪৪
মাধবপুরে মন্ত্রী আসবেন তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে মাধবপুরে মন্ত্রী আসবেন তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে
 
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 
 
(৪-এপ্রিল) ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে জোর প্রস্তুতি। তবে এই প্রস্তুতির মাঝেই সামনে এসেছে দীর্ঘদিনের অবহেলিত সড়কের চিত্র—যা এখন তড়িঘড়ি করে জোড়াতালি দিয়ে সংস্কার করা হচ্ছে, জানা গেছে, ৪এপ্রিলের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের। তাদের আগমনকে কেন্দ্র করে তেলিয়াপাড়া পুরাতন মহাসড়ক থেকে চা বাগানের ভেতরে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি দ্রুত সংস্কারের কাজ শুরু হয়েছে।
 
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এতে প্রতিদিন চা বাগানের শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু মন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে এখন সেই সড়কের ভাঙাচোরা অংশে ইট ও খোয়া ফেলে অস্থায়ীভাবে সংস্কার কাজ চালানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর তেলিয়াপাড়া দিবসকে সামনে রেখে একইভাবে সাময়িক মেরামত করা হলেও পরে তা আবার আগের অবস্থায় ফিরে যায়। ফলে স্থায়ী সমাধান থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
 
তেলিয়াপাড়া চা বাগানের সাবেক ইউপি সদস্য যোগেন্দ্র সাঁওতাল বলেন, এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি একটি ঐতিহাসিক ও পর্যটন গুরুত্বপূর্ণ পথ। কিন্তু বছরের পর বছর ধরে এর কোনো টেকসই সংস্কার হয়নি। প্রতিবছর দিবস এলেই অস্থায়ী মেরামত করা হয়, যা কিছুদিন পরই নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, মন্ত্রীদের আগমনে আমরা আনন্দিত। তবে আমরা চাই, এই সুযোগে যেন সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এবিষয়ে সিনিয়র সাংবাদিক মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি বলেন, এই সড়ক দেশের ইতিহাস ও পর্যটনের সঙ্গে জড়িত। তাই এর টেকসই উন্নয়ন জরুরি।
 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রেজাউন নবী জানান, মন্ত্রীদের আগমন উপলক্ষে জরুরি ভিত্তিতে কিছু সংস্কার কাজ করা হচ্ছে। সড়কটির পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে স্থায়ীভাবে কাজ শুরু হবে বলে তিনি জানান। এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, কেবল মন্ত্রীদের সফরকে ঘিরে নয় বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে তেলিয়াপাড়ার এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ