কালের গর্ভে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের খেলা মার্বেল
কালের গর্ভে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের খেলা মার্বেল
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
একসময় গ্রামের মাঠ-ঘাট, উঠান কিংবা রাস্তার ধুলোবালিতে শিশু কিশোরদের প্রাণচাঞ্চল্যে মুখর থাকত মার্বেল খেলা। স্কুল শেষে কিংবা বিকেলের অবসরে বন্ধুদের সঙ্গে দলে দলে জড়ো হয়ে মার্বেল খেলতো তারা।
কিন্তু সময়ের বিবর্তনে প্রযুক্তির প্রভাবে আর আধুনিকতার ছোঁয়ায় সেই চেনা দৃশ্য এখন আর চোখেই পড়ে না। বিভিন্ন গ্রামে গ্রামীণ ঐতিহ্যের এই জনপ্রিয় খেলাটি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। আগে গ্রামাঞ্চলের প্রতিটি পাড়ায় ৮ থেকে ১৫ বছর বয়সী ছেলেরা নিয়মিত মার্বেল খেলত। সেসময় খেলাটি শুধু বিনোদনের মাধ্যম ছিল না, বরং শিশুদের মধ্যে প্রতিযোগিতা, কৌশল ও বন্ধুত্বের বন্ধন গড়ে তুলত। কিন্তু বর্তমান সময়ের শিশুদের হাতে মোবাইল ফোন চলে আসায় তারা মাঠের বদলে ঘরের ভেতরে সময় কাটাচ্ছে।
মোবাইল সহজলভ্য হওয়ায় অনলাইনে তারা গেমস খেলছে অথবা রিলস ভিডিও দেখছে। যার ফলে মার্বেল খেলাসহ গ্রামীণ ঐতিহ্যের খেলাধুলা বাঙালি সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের শিশুরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বাঙালি সংস্কৃতি থেকে।
স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান প্রজন্মের শিশুদের মাঠমুখী করতে হলে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। স্কুলে ক্রীড়া কার্যক্রম বাড়ানো এবং গ্রামীণ খেলা অন্তর্ভুক্ত করা, গ্রামে খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং শিশু-কিশোরদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা গেলে হারিয়ে যেতে বসা মার্বেল খেলাসহ অন্যান্য গ্রামীণ খেলাধুলা নতুন প্রজন্মের কাছে আবারও জনপ্রিয় হয়ে উঠতে পারে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স