মিঠাপুকুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও গাছ কর্তন, নারীসহ আহত ৬
মিঠাপুকুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও গাছ কর্তন, নারীসহ আহত ৬
রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়িতে হামলা, গাছ কর্তন ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ২৫ মার্চ থেকে ২৯ মার্চের মধ্যে কয়েক দফায় চালানো এই হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী মোঃ মাহাফুজার রহমান (৬১) জানান, মালতলা ভবানীপুর মৌজায় তার পৈত্রিক ও ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশী মোঃ আবুল কালাম আজাদ মিয়ার ছেলেদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রংপুর-এ একটি মামলা (এমআর নং-১৩৯১/২৫) চলমান রয়েছে। আদালত উক্ত জমিতে ১৪৪/১৪৫ ধারায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও বিবাদীরা তা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ২৫ ফেব্রুয়ারি থেকে দফায় দফায় হামলা শুরু করে।
সবশেষ গত (২৮ মার্চ) সন্ধ্যায় এবং ২৯ মার্চ সকালে অভিযুক্ত মোঃ সুমন মিয়া (২৫), মোঃ রুম্মান মিয়া (২৮) ও হাবিব মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র লোক মাহাফুজার রহমানের জমিতে প্রবেশ করে প্রায় ২৭টি মূল্যবান মেহগনি, সুপারি ও আম গাছ কেটে ফেলে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এসময় জমি দখল ও গাছ কর্তনে বাধাঁ দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে মাহাফুজার রহমান এবং তার দুই ভাই মশিয়ার ও মোখলেছার রহমানকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেন। তাদের বাঁচাতে গিয়ে মারজানা বেগম ও শ্যামলি বেগম নামে দুই নারীকে পিটিয়ে আহত করা হয় । বর্তমানে আহতরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, "আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আদালতের নির্দেশ অমান্য করে হামলা ও গাছ কাটার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স