সবজির বিক্রি কম, দামও বেশি
নিজস্ব প্রতিবেদক
ঈদের পর এখনও সেভাবে জমে ওঠেনি রাজধানীর সবজির বাজার। ঈদের ছুটি শেষে এখনও অনেকে ঢাকায় এসে না পৌঁছানোর কারণে বিক্রি অনেকটাই কম বলে জানাচ্ছেন বিক্রেতারা। সেই সঙ্গে ঈদের ছুটির কারণে সরবরাহ কম থাকা এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে দামে প্রভাব পড়েছে।
আজকের বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, প্রতি কেজি মূলা ৫০ টাকা, বরবটি ১২০ টাকা, সজিনা প্রতি কেজি ১৩০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি ঢেঁড়স ৮০ টাকা, পটল প্রতি কেজি ৭০ টাকা, গাঁজর প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৪০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং লাউ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর রামপুরা বাজারে বাজার করতে এসেছেন সরকারি চাকরিজীবী সজিবুর রহমান। তিনি বলেন, ঈদের ছুটি শেষে গত তিনদিন আগে ঢাকায় এসেছি। প্রতিদিন বাজার করতে এসে দেখেছি বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, ক্রেতাও কম। সবজি বিক্রেতারা তুলনামূলক কম পরিমাণে সবজি এনে বিক্রি করছে। আজ একটু বেশি দামেই সবজিগুলো কিনলাম। একজন ক্রেতা হিসেবে আশা করছি, দু-একদিনের মধ্যেই হয়তো সবজির দাম কম হবে বাজারে।