সংস্কার বাস্তবায়নেই ইতিহাসে জায়গা করে নেওয়ার আহ্বান
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ২০:০৪
চাটুকারদের প্রভাব এড়িয়ে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ইতিহাসে নিজের অবস্থান শক্ত করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, কার্যকর সংস্কারের মাধ্যমেই নেতৃত্বের স্বীকৃতি অর্জন সম্ভব।
বুধবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।
অলি আহমেদ বলেন, দেশের ইতিহাসে নেতৃত্বের স্বীকৃতি আসে বড় সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে। তিনি উদাহরণ টেনে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা এবং খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে পরিচিতি লাভ করেন। একইভাবে বর্তমান নেতৃত্বও সংস্কার কার্যক্রম সম্পন্ন করে ইতিহাসে জায়গা করে নিতে পারে।
তিনি আরও বলেন, নেতৃত্বের চারপাশে সবসময়ই বিভ্রান্তিকর পরামর্শদাতা থাকতে পারে, যারা ভুল পথে পরিচালিত করতে চায়। তাই সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা ও স্বচ্ছতা জরুরি। মন্ত্রীদের ভুলের দায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ওপরই বর্তায়—এ কথা উল্লেখ করে তিনি দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।
সংস্কার বাস্তবায়নে বিলম্ব না করে নিজ উদ্যোগে সংসদে বিল উত্থাপন ও পাস করার আহ্বান জানান এলডিপি চেয়ারম্যান। তার মতে, বিরোধী দলের চাপের অপেক্ষা না করে সরকারকেই এগিয়ে এসে প্রয়োজনীয় পরিবর্তন নিশ্চিত করতে হবে।
নিজের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৈষম্য ও সুশাসনের অভাবই একসময় তাকে বিদ্রোহে প্ররোচিত করেছিল। স্বাধীনতার পর দীর্ঘ সময় পার হলেও দেশে এখনও সুশাসন ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পুরোপুরি নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া উগ্রবাদের সংজ্ঞা নিয়েও প্রশ্ন তোলেন অলি আহমেদ। তার মতে, ধর্মীয় অনুশীলনকে উগ্রবাদ হিসেবে দেখার প্রবণতা ভুল। বরং যারা আইন-শৃঙ্খলা মানে না এবং নৈতিক মূল্যবোধ অস্বীকার করে, তারাই প্রকৃত উগ্রবাদী।