ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৫ ০১:৪৯:৪৭
বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক



ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩৫) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

 
 

নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। এছাড়া 'তালাশ ক্রাইম দৃষ্টি' নামে একটি ফেসবুক পেইজ পরিচালনা করতেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ২০-২০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক পিটিয়ে মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী কুমিল্লা জেলার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা শফিকুল ইসলাম জানান,  মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করতো দ্বীন ইসলাম। এগুলো নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। ওই চক্রটিই দ্বীন ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ