তানোরে বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: ক্ষোভে বাড়ি ঘেরাও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর
তানোরে বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: ক্ষোভে বাড়ি ঘেরাও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর তানোর উপজেলায় বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। লাওসে পাঠানো এক যুবক কাজ না পেয়ে দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকার পর চিকিৎসার অভাবে মারা গেছেন। পরে তার লাশ দেশে আনতেও অতিরিক্ত অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগ, যা নিয়ে এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া গ্রামের মৃত ভূগোল আলীর ছেলে তসিকুল ইসলাম প্রায় ছয় বছর আগে একই গ্রামের ভুষেন মুরারীর ছেলে রতন মুরারী (২৫)-কে লাওসে একটি কোম্পানিতে মার্কেটিং পদে চাকরির আশ্বাস দিয়ে চার লাখ টাকার বিনিময়ে পাঠান। তবে সেখানে গিয়ে রতনের কোনো চাকরি হয়নি। দীর্ঘদিন তিনি বিদেশে অনিশ্চিতভাবে পালিয়ে বেড়ান এবং থাকা-খাওয়ার অভাবে অসুস্থ হয়ে পড়েন।
রতনের পরিবার জানায়, তাকে দেশে ফিরিয়ে আনতে তসিকুলের কাছে অনুরোধ করা হলে তিনি আরও তিন লাখ টাকা দাবি করেন। এর মধ্যেই গত রোববার লাওসে চিকিৎসার অভাবে রতনের মৃত্যু হয়। পরে লাশ দেশে আনতে গেলে তসিকুল ছয় লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ক্ষোভে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় শতাধিক নারী-পুরুষ তসিকুল ইসলামের বাড়ি ঘেরাও করেন। তবে এর আগেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা লেলিন, হানিফ ও রুস্তমসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, তসিকুলের মাধ্যমে বিদেশে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন এবং নিঃস্ব হয়েছেন। তারা জানান, সম্প্রতি দীঘিপাড়া গ্রামের তিনজন বিদেশে কাজ না পেয়ে দেশে ফিরে এসেছেন, যদিও তাদের ভালো চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল।
রতনের পিতা ভুষেন মুরারী বলেন, প্রতারণা করে আমার ছেলেকে বিদেশ পাঠানো হয়েছে। সেখানে কোনো কাজ না পেয়ে খাবার ও চিকিৎসার অভাবে সে মারা গেছে। এখন লাশ আনতেও টাকা দাবি করা হচ্ছে। তিনি ছেলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তবে অভিযুক্ত তসিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রতন মুরারীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।#
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স