ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিলল অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৩ ১৬:১৮:১১
কালকিনিতে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিলল অর্ধগলিত মরদেহ কালকিনিতে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিলল অর্ধগলিত মরদেহ
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুরের কালকিনি উপজেলায় নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের জায়গির ৯ নম্বর ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় এক কৃষক ধানক্ষেতে পরিচর্যা করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানান।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে রুহুল আমিন ঘরামী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
 
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিকভাবে নিহতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
 
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ